লন্ডনের উদ্দেশে রওনা হলেন জামায়াতের আমির
- আপডেট সময় : ০৬:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৬ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে ডা. শফিকুর রহমানের এ সফর। সফর শেষে তিনি সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের নির্ধারিত কর্মসূচি থাকায় সকালে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন আমীরে জামায়াত। সেখানে নির্ধারিত কাজ শেষ করে তিনি সৌদি আরব যাবেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর ডা. শফিকুর রহমান দেশে ফিরবেন বলে জানান জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা।
এদিকে, লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।




























