ফেনীতে গ্রামীণ ব্যাংকে আগুন
- আপডেট সময় : ০১:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
ফেনীর সদর উপজেলার গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের ফটকের বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে অগ্নিসংযোগ করে। রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে নাইটগার্ড আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে যায়।
এ বিষয়ে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।






















