সারাদেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা: সাভারে সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা
- আপডেট সময় : ০৮:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ২১৬৩ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকার সাভারের স্থানীয় এনসিপি নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র-জনতা।
শুক্রবার(১৯ ডিসেম্বর) ঢাকা আড়িচা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা।এর আগে একই দাবিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে শতাধিক এনসিপি নেতাকর্মী ও স্থানীয় ছাত্র-জনতা মহাসড়কের পাকিজা চত্বর জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং রাত ১টা৪৫ মিনিটে বিক্ষোভ শেষ করেন।।
বিক্ষোভ চলাকালে ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’ এমন নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।
এর আগে বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা চত্বরে অবস্থান নেন সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতারাও যোগ দেন। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তারা সেখানে অবস্থান নেন এবং হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ মৃত্যুর আগে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


























