মব সন্ত্রাসের পেছনে থাকা ইন্ধনদাতাদের শেকড় উচ্ছেদে প্রতিশ্রুতিবদ্ধ ছাত্রদল: রাকিব
- আপডেট সময় : ০২:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ধর্মকে ব্যবহার করে মব সন্ত্রাসের জন্য নিয়মিত ইন্ধন দেওয়া হচ্ছে এবং ছাত্রদল তা প্রতিহত করবে।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাকিব বলেন, “৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বট বাহিনী ও ধর্মের নামে একটি নির্দিষ্ট গোষ্ঠী মব সন্ত্রাসে উস্কানি দিচ্ছে। দেশের বাইরে বসে অনলাইনে ঘৃণা ছড়ানোদেরও আমরা প্রতিহত করব।”
তিনি আরও বলেন, “ধর্ম নিয়ে রাজনীতি বিভেদ সৃষ্টি করছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। ছাত্রদলও অরাজক আচরণ করলে ক্যাম্পাসে কেউ থাকতে পারত না। শহীদ ওসমান হাদির কবর সংক্রান্ত গুজব ছড়ানোর বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব এবং হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, “মব সংস্কৃতির নামে চলমান অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের পরিবারের নিহত শিশু আয়শার হত্যার প্রতিবাদে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।




























