রাঙ্গামাটিতে মশার কয়েলের আগুনে ৩টি বাস পুড়ে গেছে।
- আপডেট সময় : ০৩:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ২১০৪ বার পড়া হয়েছে
রাঙ্গামাটির পুরাতন বাসস্টেশন এলাকায় মশার কয়েল থেকে শুরু হওয়া আগুনে তিনটি যাত্রীবাহী বাস, চারটি দোকান ও একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি-বান্দরবান বাস কাউন্টারের পাশের একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয়রা জানায়, অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকান ও পার্কিং করা বাসগুলোতে। ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই যানবাহন, দোকান ও বসতবাড়ি ধ্বংস হয়ে যায়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, আগুনে তাদের দোকানের মালামাল, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে, যা তাদের জন্য বড় আর্থিক ক্ষতি হয়েছে। বাস মালিকরা জানান, সকালে খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জন্য প্রস্তুত রাখা বাসগুলোও আগুনে নষ্ট হয়ে গেছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম জানান, ভোররাত ৩টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, পুড়ে যাওয়া দোকানের একজন কর্মচারী রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমানোর কারণে আগুনের সূত্রপাত হয়েছে। সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।






















