কিশোরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব বিরোধের জেরে খোকন মিয়া (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত খোকন মিয়া ওই গ্রামের আক্কল আলী মিয়ারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে খোকন মিয়ার মেয়ে চট্টগ্রামে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় একই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের বোনের সহায়তার সন্দেহ হয় খোকন মিয়ার। পরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির সময় হাতাহাতি ঘটে।
ঘটনার দিন সকালে খোকন মিয়া তার ধানের জমিতে কাজ করতে গেলে জিয়া উদ্দিন ও উজ্জ্বল তাকে পথরোধ করে লোহার রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






















