ফের ভারতীয় হাইকমিশনারকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ে
- আপডেট সময় : ১২:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২১১০ বার পড়া হয়েছে
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণের বাইরে ও হাইকমিশনারের রেসিডেন্সের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পরিসীমার বাইরে ও রেসিডেন্সের সামনে ঘটে যাওয়া ঘটনার পাশাপাশি ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে উগ্রবাদী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের ঘটনাও উল্লেখ করা হয়।
বাংলাদেশ সরকার কূটনৈতিক স্থাপনায় পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে।
এ সময় সংশ্লিষ্ট ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী কূটনৈতিক কর্মী ও স্থাপনার মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ভারত সরকার দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা করছে বাংলাদেশ।
এদিকে জানা গেছে, আজই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।


























