রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
- আপডেট সময় : ০২:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৮১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় প্রার্থী ঘোষণা করলেও জেলার ছয়টি আসনের মধ্যে দুটি (ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬) খালি রেখেছিল। এ আসনের জন্য আজ মঙ্গলবার জোটের সঙ্গে সমঝোতার পর জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও বহুল আলোচিত এই আসনে দীর্ঘদিন ধরে রুমিন ফারহানার সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত জোট সমঝোতার কারণে তিনি মনোনয়ন পাননি।
মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। দলীয় কোনো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হওয়ার বিষয়ে তিনি বলেন, “মনোনয়ন না পাওয়ার পরও সম্মানের সঙ্গে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। দু’এক দিনের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করব। প্রতীক কোনটি হবে, পরে দেখা যাবে। আশা করি এলাকার মানুষের ভালোবাসা এখনও আমার সঙ্গে আছে, তারা ভোটের মাধ্যমে এর উত্তর দেবেন।”




























