জমি সংক্রান্ত বিবাদে সংঘর্ষে ১ নিহত, ৪ আহত
- আপডেট সময় : ০৩:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হাবিব শেখ নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), জামাল উদ্দিন শেখ (৬০) এবং রাকিব শেখ (২৭)।
আহত শরিফুল শেখ জানান, জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে কথাকাটাকাটির সময় তাদের মারধর করা হয়। হাবিব শেখ মারপিট বন্ধ করার চেষ্টা করলে মাটিতে পড়ে যান এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।
ওসি মো. আব্দুর রব তালুকদার বলেন, সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন এবং এক কৃষক মারা গেছেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।






















