নোয়াখালীতে চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ৫
- আপডেট সময় : ০৬:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২১০৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আট থেকে দশজন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতদের একজন আলাউদ্দিন (৪০)। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। অন্য চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখন পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এ সুযোগে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী চরটির বিভিন্ন অংশ বিক্রি শুরু করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই জমির দখল নিতে উদ্যোগী হয় এবং নিজেরাও জমি বিক্রি শুরু করে। এতে দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে।
অভিযোগ রয়েছে, চর দখলের সঙ্গে জড়িত আলাউদ্দিনের সঙ্গে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার ঘনিষ্ঠতা রয়েছে। এর জেরে কোপা সামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনীর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।






















