চাঁদপুরে অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, এক কর্মচারীর মৃত্যু
- আপডেট সময় : ০১:৩০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৯ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আগুনে আটকা পড়ে সাব্বির (১৫) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাব্বির উপজেলার শালদহ গ্রামের অটোরিকশাচালক আরিফুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাজারের জয়নাল আবেদীনের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের খাদ্য গুদাম, মুদি দোকান, ওষুধের দোকান, বৈদ্যুতিক সরঞ্জামের দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানসহ মোট ছয়টি প্রতিষ্ঠানে। এতে সবকটি দোকানই পুড়ে ছাই হয়ে যায়।
বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, গ্যাস সিলিন্ডারের দোকানের পেছনে অবস্থান করছিল ওই কর্মচারী সাব্বির। সিলিন্ডার বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়লে সে ঘটনাস্থলেই আটকা পড়ে এবং দগ্ধ হয়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, আগুনে তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমার মতো আরও পাঁচজন ব্যবসায়ীর সবকিছু পুড়ে গেছে, এখন অবশিষ্ট বলতে কিছুই নেই।
আগুন লাগার পর স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।






















