হাদি হত্যার প্রতিবাদে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান
- আপডেট সময় : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৪ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং মূল পরিকল্পনাকারীদের শনাক্তের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা পুনরায় শাহবাগের ‘শহীদ হাদি চত্বর’-এ অবস্থান নেন। এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই গুরুত্বপূর্ণ মোড় ছাড়বেন না। সেই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাতও তারা রাজপথেই অবস্থান করেন।
শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। তার আগমন ও নিরাপত্তা নির্বিঘ্ন করতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। জিয়ারত ও আনুষ্ঠানিকতা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তারা পুনরায় শাহবাগ মোড়ে ফিরে আসেন এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগানে মুখর করে তোলেন এলাকা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও টানা ছয় দিনের চিকিৎসা শেষে ১৮ ডিসেম্বর তিনি শাহাদতবরণ করেন। তার মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা।
আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হত্যাকারীদের আড়াল করার কোনো প্রচেষ্টা তারা মেনে নেবেন না। প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাহবাগ মোড় তাদের দখলেই থাকবে বলে ঘোষণা দেন তারা।




























