ভোলার আবাসিক হোটেলে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৭ বার পড়া হয়েছে
ভোলা শহরের একটি আবাসিক হোটেল থেকে মো. আমির হোসেন (৩৪) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি লালমোহন উপজেলার পৌরসভা ১নম্বর ওয়ার্ডের মহসিন তালুকদারের ছেলে এবং লালমোহন পৌরসভা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, ২৫ ডিসেম্বর রাত ৮টায় তিনি শহরের হোটেল কে. জাহানের তৃতীয় তলার ২০২ নম্বর কক্ষে যান। পরের দিন রাত সাড়ে ১১টায় হোটেলের লোকজন রুম চেক করতে গেলে দরজা খুলে কোন সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেন। পুলিশ রুমে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহতের বড় ভাই মো. জাকির হোসেন জানান, আমির হোসেন রড-সিমেন্টের ব্যবসা করতেন, তবে ধারদেনার কারণে বর্তমানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ দেখাশোনার চাকরি করছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। তিনি আরও জানিয়েছেন, আমির হোসেনের এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল এবং এর প্রমাণ তার ব্যবহৃত মোবাইলে পাওয়া গেছে। অভিযোগ, পরকীয়ার কারণে তিনি ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করেছেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ড না আত্মহত্যা তা নির্ধারণে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।






















