“অবৈধ অস্ত্র ও পেশিশক্তি নিয়ন্ত্রণ ছাড়া উৎসবমুখর নির্বাচন সম্ভব নয়: তুলি”
- আপডেট সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২১০৭ বার পড়া হয়েছে
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন তুলি বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি নির্বাচন পেশিশক্তি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে, বহু প্রত্যাশিত উৎসবমুখর নির্বাচন আয়োজন সম্ভব হবে না।
শনিবার (২৭ ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ভয়েস নেটওয়ার্কের আয়োজিত নির্বাচন পর্যবেক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জেসমিন তুলি বলেন, “বিগত নির্বাচনের অভিজ্ঞতায় মানুষের মধ্যে অসন্তোষ জমেছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দক্ষ নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা অপরিহার্য। সেই লক্ষ্যেই পর্যবেক্ষকদের জন্য মানসম্মত প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করা হয়েছে।”
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ প্রণীত নির্বাচন পর্যবেক্ষণ ম্যানুয়াল উন্মোচন করা হয়েছে, যা মাঠে পর্যবেক্ষকদের কার্যকর ভূমিকা পালনে সহায়ক হবে।
কর্মশালায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার তিন শতাধিক নির্বাচন পর্যবেক্ষক অংশ নেন। এতে নির্বাচনী নীতি ও পদ্ধতি, আইন ও বিধিমালা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, সৎ ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করলে ভোটারদের আস্থা বৃদ্ধি পাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। এছাড়া, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।






















