জাপানে একসঙ্গে ৫০টির বেশি গাড়ির দুর্ঘটনা, প্রাণ গেল দুইজনের
- আপডেট সময় : ০৬:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
তুষারপাতের সতর্কতার মধ্যে জাপানের গানমা প্রদেশে একটি এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫০টির বেশি যানবাহন জড়িত ছিল। দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত এবং আরও কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে টোকিও থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিনাকামি শহরের কান-এতসু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুটি ট্রাকের সংঘর্ষের মাধ্যমে দুর্ঘটনার সূত্রপাত হয়। এরপর দ্রুতগতিতে আসা আরও বহু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ওই ট্রাকগুলোর সঙ্গে ধাক্কা খায়।
সংঘর্ষের পর কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে টোকিওর ৭৭ বছর বয়সী এক নারী ও একজন ট্রাকচালক রয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
তুষারপাতের সতর্কতার মধ্যেই নববর্ষের ছুটি শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ ছিল বেশি। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো রাস্তা আটকে দিলে পেছন থেকে আসা গাড়িগুলো পিচ্ছিল সড়কে সময়মতো ব্রেক করতে না পেরে একের পর এক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনার একাংশে আগুন ছড়িয়ে পড়লে ডজনখানেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, আগুনে নতুন করে কেউ আহত হয়নি।
এর আগে জাপানের আবহাওয়া বিভাগ শুক্রবার গভীর রাতে ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছিল। নববর্ষের ছুটি উপলক্ষে এ সময় সাধারণত দেশজুড়ে ভ্রমণ বেড়ে যায়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ



























