ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের ‘সর্বাত্মক যুদ্ধ’ চলছে: পেজেশকিয়ান
- আপডেট সময় : ১২:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপসহ পশ্চিমা দেশগুলো একযোগে ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন প্রেক্ষাপটেই যুদ্ধসংক্রান্ত এই মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, “আমার মতে, আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছি। তারা চায় না আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর আবার হামলা হলে আগের চেয়ে আরও কঠোর জবাব দেওয়া হবে। পেজেশকিয়ানের ভাষায়, “আমাদের প্রিয় সামরিক বাহিনী দৃঢ়ভাবে তাদের দায়িত্ব পালন করছে। সব সংকট সত্ত্বেও সরঞ্জাম ও জনবল—দুই দিক থেকেই তারা এখন আরও শক্তিশালী। তারা (ইসরায়েল ও যুক্তরাষ্ট্র) যদি আবার হামলা চালায়, তবে আরও জোরালো প্রতিক্রিয়া পাবে।”
ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, বর্তমান সংঘাত ১৯৮০–এর দশকের ইরান-ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। তার মতে, পশ্চিমা শক্তি ও ইসরায়েলের সঙ্গে এই লড়াই শুধু সামরিক পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং নিষেধাজ্ঞা, কূটনীতি ও নিরাপত্তা—সবকিছু মিলিয়ে একটি সমন্বিত যুদ্ধের মুখোমুখি হচ্ছে তেহরান।
এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির যুবসমাজকে প্রতিরোধের প্রধান শক্তি হিসেবে তুলে ধরেছেন। তার দাবি, মার্কিন ও ইসরায়েলি চাপ মোকাবিলায় তরুণদের সাহস ও আত্মত্যাগই ইরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায়, এই লড়াই শুধু পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে নয়, বরং বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধেও একটি অবস্থান।
এদিকে তেহরান ও ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে উদ্যোগ নিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে গভীর অবিশ্বাসই আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।



























