জারা ও তাজনূভার পদত্যাগ নিয়ে মন্তব্য করলেন আখতার
- আপডেট সময় : ০৪:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ২১৪৫ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেত্রী ডা. তাসনিম জারা ও তাজনূভা জাবীন জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের আলোচনার মধ্যে দল থেকে পদত্যাগ করেছেন। তবে দলের সদস্যসচিব আখতার হোসেন বলছেন, তাদের পদত্যাগের ফলে দলের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ফ্যাসিবাদী আমলের নিপীড়নমূলক মামলায় জামিন নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন বলেন, “রাজনৈতিক দলে পদত্যাগ এবং যোগদান স্বাভাবিক। ভিন্ন মত থাকা স্বাগত।” তিনি জোটের বিষয়ে জানান, “জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা চলছে, সিদ্ধান্ত হয়নি; সিদ্ধান্ত হলে জানানো হবে। রাজনৈতিক অঙ্গনে সমঝোতা স্বাভাবিক।“
একই দিনে হত্যাচেষ্টা, দাঙ্গা, বেআইনি সমাবেশ ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে আখতার হোসেন ১৫০০ টাকা মুচলেকায় জামিন পান। ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ ও জশিতা ইসলামের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। শনিবার (২৭ ডিসেম্বর) দল থেকে পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।




























