আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি।
- আপডেট সময় : ০৪:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ২১০০ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সীমান্তে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে বিজিবি বদ্ধপরিকর। দেশের সার্বভৌমত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে বিজিবি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। স্বাধীনতার পর থেকে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় ১১০ জন বিজিবি সদস্য শহীদ হয়েছেন। এছাড়া বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
রোববার (২৮ ডিসেম্বর) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী এসব তথ্য জানান। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের মাধ্যমে চলতি বছরে বিভিন্ন অভিযানে দুটি দেশীয় রাইফেল, দুটি ১২ বোর পিস্তল, একটি ১২ বোর শর্ট গান, একটি ৯ মিমি পিস্তল (যুক্তরাষ্ট্র), একটি ৮ মিমি পিস্তল (ভারতীয়), ৫০০ গ্রাম গান পাউডার, একটি একনলা দেশীয় বন্দুক, একটি এম-৪/এ-১ এসএমজি, দুটি ম্যাগাজিন এবং ৫০০ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে ২৯ জন আসামিসহ মদ, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন চোরাচালানির প্রায় ২৯ কোটি টাকার মালামালও জব্দ করা হয়েছে। বিজিবি দুর্গম সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের যে কোনো দুর্যোগে অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ায়।
প্রেস ব্রিফিংয়ে কাপ্তাই ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারহাত, ক্যাপ্টেন আশরাফ ও সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার উপস্থিত ছিলেন।






















