ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬
- আপডেট সময় : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৬ বার পড়া হয়েছে
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানান, রোববার গভীর রাতে ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে। সোমবার ভোরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
ইন্দোনেশিয়ার টেলিভিশন চ্যানেল মেট্রো টিভি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো ভবনটিকে গ্রাস করে। সে সময় ভেতরে থাকা বাসিন্দারা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানান।
মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু বলেন, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে থাকা বেশিরভাগ মানুষই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল ছিলেন। আগুন লাগার পর তারা বের হতে না পেরে ভবনের ভেতরেই আটকা পড়েন।



























