একের পর এক বিস্ফোরণে উত্তপ্ত ভেনেজুয়েলার রাজধানী
- আপডেট সময় : ০২:১৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই শনিবার ভোরে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও দেখা গেছে। তবে সেগুলো সামরিক বিমান ছিল কি না—সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানায়নি গণমাধ্যমগুলো।
বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি বড় সামরিক ঘাঁটির আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলেও খবর পাওয়া গেছে।
সাম্প্রতিক সময়ে মাদক পাচার দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে গত সপ্তাহে তার দেশের বিরুদ্ধে ‘কথিত’ সিআইএ-নেতৃত্বাধীন হামলার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
যুক্তরাষ্ট্রের চাপের মুখে বক্তব্যে কিছুটা নমনীয়তা দেখালেও মাদুরো আবারও অভিযোগ করেছেন, তার সরকারকে উৎখাত এবং ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ও সামরিক চাপ প্রয়োগ করছে।
মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র যদি তেল চায়, তাহলে শেভরনের মতো মার্কিন কোম্পানির বিনিয়োগের জন্য ভেনেজুয়েলা প্রস্তুত রয়েছে।
ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে কি না—এ বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন, এ নিয়ে হয়তো কয়েক দিনের মধ্যে আলোচনা করা যেতে পারে।
ট্রাম্প প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে এখন পর্যন্ত ৩৫টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত ১১৫ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।



























