ঘন কুয়াশার কারণে গাড়ি চাপায় একজন এনজিও কর্মীর মৃত্যু
- আপডেট সময় : ০৪:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ২০৮০ বার পড়া হয়েছে
মাদারীপুরে ঘন কুয়াশার কারণে অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় সুমন সরদার (৩১) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক গাড়ি দ্রুত পালিয়ে যায়।
নিহত সুমন সরদার শরীয়তপুরের তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির রাজৈর শাখায় ফিল্ড অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও এনজিও সূত্রে জানা যায়, রবিবার সকালে সুমন মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফেরার পথে সমাদ্দার এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দেয়। এতে তার মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা রাস্তার পাশে পড়ে থাকা তাকে মস্তফাপুর হাইওয়ে থানায় খবর দেন। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন রশিদ জানান, ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ বর্তমানে রাজৈর হাসপাতালে রাখা হয়েছে।






















