বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে
- আপডেট সময় : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২১১৭ বার পড়া হয়েছে
ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষে সই করেন সহকারী সচিব ফিরোজ খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ নেই বলে উল্লেখ করা হয়। এতে বাংলাদেশের সাধারণ মানুষ ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছে বলেও জানানো হয়। জনস্বার্থ বিবেচনায় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংশ্লিষ্ট সব ধরনের প্রচার ও সম্প্রচার কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
দীর্ঘদিন ধরেই মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছিল। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলোর ধারাবাহিক বিক্ষোভের মুখে গত শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া তাকে বাদ দেওয়ার নির্দেশনা দেন। এর পরপরই কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।
খেলোয়াড়দের প্রতি এমন আচরণের প্রতিবাদে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তকে দেশের ক্রিকেটপ্রেমীরা স্বাগত জানিয়েছেন। এর ফলে ২০২৬ সালের আইপিএল বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে না।


























