ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো অপহরণে যুক্তরাষ্ট্রকে তীব্র ভাষায় আক্রমণ চীনের
- আপডেট সময় : ০৫:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে ‘অভূতপূর্ব অস্থিরতা’ হিসেবে আখ্যায়িত করে একতরফা আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন।
শি জিনপিং বলেন, “বর্তমানে বিশ্ব এমন পরিবর্তন ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যা এক শতাব্দীতেও দেখা যায়নি। একতরফা আধিপত্যবাদ আন্তর্জাতিক শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করছে। কোনো দেশের জনগণ যে উন্নয়নের পথ বেছে নেয়, তা সম্মান করা সকল রাষ্ট্রের দায়িত্ব। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে চলা উচিত, বিশেষ করে বৃহৎ শক্তিগুলোর।”
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ঘটনায় শুরু থেকেই সরব চীন। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক বিবৃতি দিয়েছে। সোমবারও বেইজিং অবিলম্বে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবি জানায়। এতদিন নীরব থাকলেও এবার সরাসরি যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় মুখ খুললেন শি জিনপিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে দেশটির খনিজ তেল নিয়ে চীনের ভবিষ্যৎ অবস্থান সম্পর্কেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং বলেন, “প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে। মাদুরো ও তার স্ত্রীর অপহরণ নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সেখানে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
মাদুরোর অপহরণের পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আপাতত ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীন যোগাযোগ বজায় রেখেছে এবং কারাকাসের সঙ্গে বেইজিংয়ের ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান লিন।
ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেলভান্ডারের অধিকারী এবং চীন দেশটির সবচেয়ে বড় তেল ক্রেতা। মাদুরোর অপহরণের পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলখাতে বিনিয়োগ বাড়ানোর দাবি করেছে। এতে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলভান্ডারে মার্কিন নিয়ন্ত্রণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে চীন ভেনেজুয়েলা থেকে তেল আমদানি অব্যাহত রাখবে কি না—এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি লিন জিয়াং। তিনি বলেন, “চীন ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে। দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, যা আন্তর্জাতিক আইন ও উভয় দেশের অভ্যন্তরীণ আইনে সুরক্ষিত। আমরা বিশ্বাস করি, ভেনেজুয়েলা সরকার তাদের সংবিধান ও আইন অনুযায়ী অভ্যন্তরীণ বিষয়গুলো মোকাবিলা করবে।”



























