সীতাকুণ্ডের শিপ রিসাইক্লিং ইয়ার্ড থেকে দুই নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটি শিপ রিসাইক্লিং ইয়ার্ডে কর্মরত দুই নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সাইফুল ইসলাম (৪৫) ও আবদুল খালেক (৫০)। তারা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা এবং ওই ইয়ার্ডে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, রবিবার গভীর রাতে স্পিডবোটযোগে আসা একদল ডাকাত ইয়ার্ডে হামলা চালায়। এ সময় তাদের হামলাতেই দুই প্রহরীর মৃত্যু হয়। তবে পুলিশ ও শ্রমিক নেতাদের প্রাথমিকভাবে ধারণা, কোনো দুর্ঘটনার কারণেও এ মৃত্যু ঘটতে পারে।
শিল্প পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মালিকপক্ষ দাবি করেছে, সোমবার ভোররাতে সমুদ্র উপকূল দিয়ে দুটি স্পিডবোটে করে ডাকাতরা এসে ইয়ার্ডে প্রবেশ করে। তবে ঘটনাস্থল থেকে লুটপাটের কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনাটি রহস্যজনক এবং কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় শিপব্রেকিং ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত বলেন, রাতের বেলায় কাজ চলাকালে কোনো দুর্ঘটনায় ওই দুই শ্রমিকের মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি অভিযোগ করেন, মালিকপক্ষ দায় এড়াতে ডাকাতির কথা বলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
অন্যদিকে কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের স্বত্বাধিকারী তসলিম উদ্দিন বলেন, ওই ইয়ার্ডে আগেও ডাকাতির ঘটনা ঘটেছে। তার দাবি, সর্বশেষ ঘটনাটিও ডাকাতদের হামলার ফলেই ঘটেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।






















