৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
- আপডেট সময় : ১২:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ২১০২ বার পড়া হয়েছে
জাপানের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পসহ একাধিক কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে আঘাত হানা এসব ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা না হলেও কয়েকজন আহত হয়েছেন এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সকাল ১০টা ১৮ মিনিটে প্রথমে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পরই একই অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। পরবর্তীতে একাধিক ছোট মাত্রার আফটারশকও রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল শিমানে প্রিফেকচার ও পার্শ্ববর্তী টোটোরি প্রিফেকচার এলাকায়। জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
আবহাওয়া সংস্থা জানিয়েছে, এসব ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে আগামী কয়েকদিন, বিশেষ করে সামনের দুই থেকে তিন দিনের মধ্যে ৫ মাত্রা বা তার বেশি শক্তির আরও ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে তারা।
এছাড়া যেসব এলাকায় ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে, সেখানে ভূমিধস ও পাহাড় থেকে পাথর খসে পড়ার ঝুঁকি রয়েছে বলেও জানানো হয়েছে।
দুটি আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এখন পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থায় কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। তবে ভূমিকম্পের কারণে বুলেট ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরায় ভূমিকম্পের তীব্র কম্পনের দৃশ্য ধরা পড়েছে।
উল্লেখ্য, জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি, যেখানে গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি করে কম্পন অনুভূত হয়। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থিত এবং চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে।
এর আগে ২০১১ সালে দেশটিতে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন। সেই ঘটনায় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও মারাত্মক বিপর্যয় ঘটে।



























