হাদি হত্যার মূল নির্দেশদাতা সনাক্ত, জানালেন ডিবি প্রধান
- আপডেট সময় : ০৪:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ২১০২ বার পড়া হয়েছে
ঢাকার ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
তিনি জানান, ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয়। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। তিন দিন চিকিৎসা শেষে ১৮ ডিসেম্বর হাদির মৃত্যু হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার কারণ হিসেবে হাদি কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী-বিরোধী অবস্থান নেন, যা মূল প্রতিহিংসার সূত্র।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১২ জন গ্রেফতার এবং ৫ জন পলাতক। শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত ফয়সাল ভিডিওবার্তা দিতে পারে, তবে তার বিরুদ্ধে প্রমাণও পাওয়া গেছে।
১৪ ডিসেম্বর, হাদিকে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। হাদির মৃত্যু হওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হয়।






















