ভেনেজুয়েলায় হামলায় নিহত ৫৭, সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
- আপডেট সময় : ১২:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ২০৭৫ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বাসভবনে মার্কিন সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। এসব প্রতিবেদনের বরাতে খবর প্রকাশ করেছে বিবিসি।
এ ঘটনায় নিহতদের স্মরণে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, দেশ ও প্রেসিডেন্ট মাদুরোকে রক্ষায় জীবন উৎসর্গ করা নারী-পুরুষদের প্রতি সম্মান জানাতেই এই শোক পালন করা হচ্ছে। নিহতদের মধ্যে অন্তত ২৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত শনিবার কারাকাসের একটি আবাসিক কমপাউন্ডে চালানো ওই অভিযানে মোট ৫৭ জন নিহত হন। তাদের মধ্যে ভেনেজুয়েলার ২৩ জন সেনা, কিউবার ৩২ জন যোদ্ধা এবং দুইজন বেসামরিক নারী রয়েছেন।
অন্যদিকে কিউবার সরকারও অভিযানে তাদের ৩২ জন সামরিক ও পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের স্মরণে কিউবা দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
কিউবান কমিউনিস্ট পার্টির সরকারি পত্রিকা ‘গ্রানমা’ নিহত সেনাদের বিস্তারিত তথ্য প্রকাশ করে জানায়, অভিযানের সময় তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং সে কারণেই প্রাণ হারান। প্রতিবেদনে তাদের আত্মত্যাগকে ‘গৌরবময়’ হিসেবে বর্ণনা করা হয়েছে।



























