ঘুষ দাবির অভিযোগে পল্লী বিদ্যুতের ডিজিএমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৫:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ২১০৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ঘুষ দাবি করার অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, পিওসি, জুনিয়র ইঞ্জিনিয়ার ও লাইন টেকনিশিয়ানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিচারক রাব্বি ইসলাম রনি মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৮ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিলের জন্য আদালতের উপ-পুলিশ পরিদর্শককে নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী কাইয়ুম মিয়া এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে বিদ্যুৎ সংযোগের নাম করে অবৈধভাবে ঘুষ গ্রহণ করে আসছিলেন। অভিযোগে আরও বলা হয়, আইনজীবী সমিতির সদস্যরা অবসর সময়ে ব্যাডমিন্টন খেলার জন্য আদালত মসজিদ থেকে অনুমতি সাপেক্ষে বিদ্যুৎ সংযোগ চাইলে প্রথমে তারা অপারগতা প্রকাশ করেন। পরে আইনজীবী সমিতির পিয়নের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। দাবিকৃত ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ঘটনার দিন আসামিরা মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় পিয়ন প্রতিবাদ জানালে তাকে মারধরসহ সংশ্লিষ্ট দণ্ডবিধির অপরাধ সংঘটনের অভিযোগ করা হয়েছে।
কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় আনা গেলে বিদ্যুৎ সেবা গ্রহীতারা হয়রানি থেকে মুক্তি পাবে।
অভিযোগের বিষয়ে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয়প্রকাশ নন্দী বলেন, মসজিদের মূল সার্ভিস লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা হচ্ছিল। সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পরে মসজিদে পুনরায় সংযোগ দেওয়া হয়েছে।






















