প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রস্তুতিকালে দুজন আটক
- আপডেট সময় : ০৬:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ২১৩৬ বার পড়া হয়েছে
রংপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন্স মোড় এলাকার একটি বেকারির দোকান থেকে তাদের আটক করা হয়।
বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানান।
আটকরা হলেন মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (২৮) এবং একই এলাকার গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (২৭)।
সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির উদ্দেশ্যে একটি চক্র ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পুলিশ লাইন্স মোড়ের একটি বেকারিতে চক্রটির সঙ্গে এক পরীক্ষার্থীর যোগাযোগের কথা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্রকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও কানের ভেতরে ব্যবহারযোগ্য ক্ষুদ্র ওয়্যারলেস হেডফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, পরীক্ষার দিন প্রশ্নপত্র বিতরণের পরপরই পরীক্ষা কেন্দ্র থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন পাঠানো হতো। পরে চক্রের অন্য সদস্যরা দ্রুত প্রশ্নের উত্তর প্রস্তুত করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর কাছে ক্ষুদ্র হেডফোনের মাধ্যমে পৌঁছে দিত।
আটকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।






















