কটিয়াদীতে ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ উঠেছে
- আপডেট সময় : ০৫:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ২১১৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (আজ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বজলুর রহমান (৬৫) ওই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। ঘটনার পর তাঁর ছেলে যোবায়ের (২০) পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমিতে পানি সেচের জন্য শ্যালো মেশিনের তেল কিনতে বজলুর রহমান তাঁর ছেলে অটোরিকশাচালক যোবায়েরের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা ছেলের মোবাইল ফোন নিয়ে নিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরই মধ্যে যোবায়ের ধারালো অস্ত্র দিয়ে বাবার বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






















