সরাইলে বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ
- আপডেট সময় : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ২১২৪ বার পড়া হয়েছে
বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া ও ধামাউড়া গ্রামে ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বাসিন্দা সাবেক বিএনপি নেতা ও বাল্কহেড ব্যবসায়ী আব্দুল খালেক ওরফে কালা এবং ধামাউড়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজের মধ্যে দীর্ঘদিন ধরে বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন নিয়ে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে আব্দুল আজিজের সমর্থকরা আব্দুল খালেক ওরফে কালাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার জেরে শনিবার সকালে আব্দুল খালেকের সমর্থকরা আব্দুল আজিজকে মারধর করেন। এতে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়।
উত্তেজনার মধ্যেই শনিবার দুপুর ১টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ফলে দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষের কারণে আতঙ্কে অরুয়াইল বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বিষয়টি সেনাবাহিনীকে অবগত করা হয়েছিল। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।




























