মায়ানমার থেকে ছুটে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি স্কুলছাত্রীর
- আপডেট সময় : ০১:১০:২০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ২১৭৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মায়ানমার দিক থেকে ছুটে আসা গুলিতে আফনান (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত আফনান হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার জসিম উদ্দীনের মেয়ে এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
রোববার (১১ জানুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কক্সবাজার–টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। গত তিন দিন ধরে চলমান গোলাগুলির কারণে সীমান্তবর্তী এপারের এলাকাগুলোতেও আতঙ্ক বিরাজ করছে।






















