বগুড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার
- আপডেট সময় : ০১:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ২১১৪ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের পাশে একটি ধানক্ষেত থেকে মরদেহটি পাওয়া যায়।
নিহত হামিদুল মন্ডল (৫০) একই গ্রামের মৃত মমতাজ মন্ডলের ছেলে। তিনি পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার সকালে ব্যবসার পাওনা টাকা আদায়ের জন্য বাড়ি থেকে বের হন হামিদুল মন্ডল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে শেরপুর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।






















