বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার, সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর
- আপডেট সময় : ০১:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ২১০৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সমাজসেবা অধিদফতরের হেফাজতে দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মোকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ সূত্রধর সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অভিযান পরিচালনা করেন। এ সময় বাণিজ্য মেলা এলাকার আশপাশ থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামে তিন শিশুকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান। তবে তাদের স্থায়ী ঠিকানা ও সংশ্লিষ্ট থানার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয় এবং শিশুদের নিরাপত্তার স্বার্থে রূপগঞ্জ থানায় নেওয়া হয়। পরে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে জানানো হলে সমাজসেবা অধিদফতর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী আইনি কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করে।
পুলিশ ও সমাজসেবা সূত্র জানায়, শিশুদের পরিচয় নিশ্চিত করা এবং পরিবারের সন্ধান পেতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।






















