কক্সবাজারে ডাকাত দলের ১৯ সদস্য গ্রেপ্তার, গোলাগুলিতে একজন নিহত
- আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ২১১৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করা হয়েছে। অভিযানের সময় ডাকাত দলের সদস্য মোঃ আনিস (৪০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
রবিবার (১১ জানুয়ারি) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কোস্টগার্ডের জাহাজ সবুজ বাংলা বিশেষ অভিযান পরিচালনা করে।
দুটি সন্দেহভাজন ফিশিং বোটকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া চলাকালে এক বোট থেকে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালানো হলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। ঘটনাস্থলেই ডাকাত মোঃ আনিস আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে শনিবার রাত ২টা ৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘণ্টাব্যাপী ধাওয়ার পর একটি বোট আটক করা হয়। তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। জব্দকৃত আলামত ও আটক ডাকাতদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।






















