হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, নতুন নির্দেশনা জারি
- আপডেট সময় : ০৭:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ২১১৫ বার পড়া হয়েছে
চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষ্যে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার এ বিষয়ে হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সকে চিঠি পাঠানো হয়। চিঠিতে জানানো হয়েছে, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।
এ ছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী, প্রত্যেক হজ এজেন্সির মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশকে সৌদি আরবে পাঠানোর বিধান রয়েছে।
তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্ট করেছে মন্ত্রণালয়। নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।



























