পাবনায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের
- আপডেট সময় : ০২:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ২১১৮ বার পড়া হয়েছে
পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ভোর আনুমানিক ৫টার দিকে ওই গণপিটুনির ঘটনা ঘটে।
নিহত সাগর শেখ নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ও ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে সাগরসহ দুই থেকে তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় বাড়ির মালিকের ছেলে মনিরুল ইসলাম বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে সাগরকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে নিহতের শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। মাথা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, পাবনা সদর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এতে কৃষক ও খামারিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিয়মিত গরু চুরি হলেও প্রশাসনের কার্যকর ব্যবস্থা না থাকায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, তাঁতিবন্ধ এলাকায় কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে প্রায়ই গরু চুরি হয়। আজ সন্দেহভাজন ধরা পড়লে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ; অপরাধীকে আইনের হাতে সোপর্দ করা উচিত।
উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে গত দেড় বছরে শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে সম্প্রতি এলাকাবাসী মানববন্ধন করেন। সর্বশেষ সোমবার (১২ জানুয়ারি) রাতে চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া এলাকা থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটে। এতে জেলাজুড়ে খামারিরা আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন।






















