মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন
- আপডেট সময় : ০২:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ২১১৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কেভিন রাড তিন বছরের দায়িত্বকাল শেষে পদত্যাগ করছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। খবর বার্তা সংস্থা এএফপি’র।
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড আগামী ৩১ মার্চ নিউ ইয়র্কভিত্তিক থিঙ্ক ট্যাংক ‘এশিয়া সোসাইটি’র সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রদূতের পদ ছাড়ছেন।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে না থাকাকালে তাকে নিয়ে প্রকাশ্যে তীব্র সমালোচনা করেছিলেন রাড। এ নিয়ে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, ‘আমি আপনাকে পছন্দ করি না।’
গত বছরের অক্টোবর মাসে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এবং টেলিভিশনে সম্প্রচারিত যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া বৈঠকে ট্রাম্প কেভিন রাডের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার কয়েকটি বিরোধী দল তার পদত্যাগ দাবি করে।
তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এক বছর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন রাড এবং এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আলবানিজ বলেন, কেভিন রাডের কর্মনিষ্ঠা ব্যতিক্রমী। আমি আগে এমন কর্মসংস্কৃতি খুব কমই দেখেছি। তিনি নিরলসভাবে কাজ করেছেন এবং এখন এমন একটি দায়িত্বে যাচ্ছেন, যেটিকে তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
উল্লেখ্য, একসময় রাড ডোনাল্ড ট্রাম্পকে ‘ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক প্রেসিডেন্ট’ ও ‘পশ্চিমা বিশ্বের প্রতি বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। তবে ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর রাড অনলাইনে দেওয়া ওই মন্তব্যগুলো মুছে ফেলেন।



























