মেরাপির অগ্ন্যুৎপাতের ঘটনায় আকাশে ছাইয়ের মেঘ
- আপডেট সময় : ০৪:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ২০৭৭ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি মাউন্ট মেরাপিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটেছে। বুধবার ভোরে ছাই আগ্নেয়গিরির চূড়া থেকে প্রায় ১,৬০০ মিটার (৫,২৪৯ ফুট) উচ্চে ছড়িয়ে পড়ে।
পিজিএ (মাউন্ট মারাপি ভলকানো পোস্ট) জানিয়েছে, পশ্চিম সুমাত্রায় এ অগ্ন্যুৎপাতটি সিসমোগ্রামে সর্বোচ্চ ২৮.৬ মিলিমিটার অ্যামপ্লিটিউডে রেকর্ড করা হয় এবং এর স্থায়িত্ব ছিল প্রায় ৩১ সেকেন্ড। পিজিএ কর্মকর্তা আহমাদ রিফান্দি জানান, অগ্ন্যুৎপাত এখনও চলমান। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে মেরাপি সতর্কতা স্তর বা লেভেল–২-এ রয়েছে। কেন্দ্রস্থল থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ, পর্যটক ও দর্শনার্থীদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ঠান্ডা লাভা প্রবাহের ঝুঁকি বিবেচনা করে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের সতর্ক করা হয়েছে।
প্রায় ২,৮৯১ মিটার (৯,৫০০ ফুট) উচ্চতার মাউন্ট মেরাপি সুমাত্রা দ্বীপে অবস্থিত এবং ইন্দোনেশিয়ার ‘রিং অব ফায়ার’ অঞ্চলে থাকায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির ক্রিয়াশীলতা তুলনামূলকভাবে বেশি। দেশটিতে বর্তমানে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে মেরাপি অন্যতম।



























