ওমরা কাফেলার মোয়াল্লেমের ব্যাগে বিপুল পরিমাণ স্বর্ণ, আটক
- আপডেট সময় : ০৮:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ২১১৩ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬৮০ গ্রাম (৫৮ ভরি) স্বর্ণসহ গিয়াস উদ্দিন (৪৬) নামে এক ওমরাহ কাফেলার মোয়াল্লেমকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ২ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাকে আটক করা হয়।
এপিবিএন সূত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় গিয়াস উদ্দিনকে। তার চলাফেরা অস্বাভাবিক মনে হওয়ায় এপিবিএন সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কার্যালয়ে নিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে তার গলায় ঝোলানো হাজিদের ব্যবহৃত একটি বিশেষ ব্যাগ থেকে ২১ ক্যারেট মানের ৫৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া তার কাছ থেকে ৭৭ হাজার ৫৫০ টাকা বাংলাদেশি মুদ্রা এবং ১৬ হাজার ১২৫ সৌদি রিয়াল জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গিয়াস উদ্দিন জানান, তিনি ওমরাহ পালনকারী হাজিদের মোয়াল্লেম হিসেবে সৌদি আরব গিয়েছিলেন এবং ওমরাহ শেষে বুধবার সকালে দেশে ফেরেন। অভিযোগ রয়েছে, তিনি অত্যন্ত সুকৌশলে বিভিন্ন হজযাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে আনছিলেন। প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, তিনি বিমানবন্দরে সক্রিয় একটি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ‘রিসিভার’ হিসেবে কাজ করছিলেন।
এ ঘটনায় আটক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “স্বর্ণ চোরাচালানকারীরা নানা কৌশলে ও ভিন্ন ভিন্ন পরিচয়ে অপরাধ সংঘটনের চেষ্টা করছে। কখনও হজযাত্রী, কখনও আবার মোয়াল্লেম সেজে তারা পার পাওয়ার চেষ্টা করে। তবে এ ধরনের সব চোরাচালান ও অপরাধ দমনে এপিবিএন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।”






















