ইরানের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন ট্রাম্প
- আপডেট সময় : ১২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে শত শত রাজনৈতিক বন্দির ফাঁসি কার্যকর না করার সিদ্ধান্তকে তিনি সম্মান জানান বলে মন্তব্য করেছেন।
শুক্রবার হোয়াইট হাউস ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “ইরান ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”
এছাড়া নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ইঙ্গিত দেন, ইরানে ৮০০ জনের বেশি মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা থাকলেও তা আর বাস্তবায়ন করা হচ্ছে না।
এপি নিউজের ওয়াশিংটন প্রতিনিধি সাগার মেঘানি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সরকারের প্রতি এই অপ্রত্যাশিত কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্তভাবে লিখেছেন, “ধন্যবাদ!”
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন তিনি কয়েক দিন ধরেই ইঙ্গিত দিয়ে আসছিলেন—ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে সরকার যদি গণহত্যা বা গণফাঁসির পথে যায়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক হামলার কথা বিবেচনা করতে পারে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের বিক্ষোভ পরিস্থিতি অনেকটাই স্তিমিত হয়ে এসেছে।
এ সময় সাংবাদিকরা জানতে চান, আরব ও ইসরায়েলি কর্মকর্তারা কি তাকে ইরানে হামলার চিন্তা থেকে সরে আসতে প্রভাবিত করেছেন। জবাবে ট্রাম্প বলেন, “কেউ আমাকে রাজি করায়নি। আমি নিজেই নিজেকে রাজি করিয়েছি।”
তিনি আরও দাবি করেন, “গতকাল ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি নির্ধারিত ছিল। কিন্তু কাউকেই ফাঁসি দেওয়া হয়নি। ফাঁসিগুলো বাতিল করা হয়েছে, আর সেটিই বড় প্রভাব ফেলেছে।”
তবে ইরানে পরিকল্পিত ফাঁসির বিষয়ে তিনি কার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন—সে বিষয়ে ট্রাম্প কোনো স্পষ্ট তথ্য দেননি। বিষয়টি তাৎপর্যপূর্ণ, কারণ একই সময়ে দেশটিতে কঠোর দমন-পীড়নের ফলে হাজারো মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে, যার জেরে সারাদেশে বিক্ষোভ কার্যত দমে গেছে বলে ধারণা করা হয়। এমন পরিস্থিতিতেও ট্রাম্পের ইরান বিষয়ে ইতিবাচক মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে।



























