প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
- আপডেট সময় : ০১:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় একটি বসতবাড়ি থেকে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। এ সময় এবরান আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকায় এবরান আলীর নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।
আটক এবরান আলী মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকার মো. মাহাতাব উদ্দিনের ছেলে।
শনিবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এসব তথ্য নিশ্চিত করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এবরান আলীর বসতবাড়ি থেকে বাজারের একটি ব্যাগের ভেতর আলাদাভাবে রাখা ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে থাকা হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক মাদক ব্যবসায়ী ও উদ্ধার করা হেরোইন সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, এবরান আলী এর আগেও মাদকদ্রব্যসহ আটক হয়েছিল।






















