নুরের আসনে বিএনপির স্থানীয় কমিটি বিলুপ্ত
- আপডেট সময় : ০৪:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২০৭৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা (পটুয়াখালী-৩) উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কারণ, ওই দুই উপজেলার নেতাকর্মীরা বিএনপির জোটের প্রার্থী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ করতে অনীহা প্রকাশ করেছিলেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এই কমিটি বিলুপ্তির ঘোষণা করা হয়। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের বরাবরে বিলুপ্তির চিঠি পাঠানো হয়েছে।
দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার এবং সাধারণ সম্পাদক শাহ আলুম শানু।
গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থী, সাবেক কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে কাজ করতে চেয়েছিলেন, যার কারণে নুরুল হক নুরের পক্ষে কাজ করতে নারাজ ছিলেন।




























