উগান্ডার বিতর্কিত নির্বাচনের পর বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থীকে আটক করা হয়েছে
- আপডেট সময় : ০৫:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
উগান্ডায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর ভোট গণনা চললেও দেশজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী ও জনপ্রিয় রাজনীতিক ববি ওয়াইনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে উগান্ডার সেনাবাহিনী। খবর আল জাজিরার।
উত্তেজনাপূর্ণ এই নির্বাচনের একদিন পর ববি ওয়াইনের দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি) দাবি করেছে, তাকে তার নিজ বাসভবন থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে। দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, সামরিক হেলিকপ্টার ব্যবহার করে ওয়াইনকে অপহরণ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইন্টারনেট বন্ধ ও বিরোধীদের ওপর পুলিশের ব্যাপক দমন-পীড়নের মধ্য দিয়ে উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মাধ্যমে প্রায় চার দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি আরও একবার তার শাসনকাল বাড়াতে চাইছেন বলে মনে করা হচ্ছে।
সহিংসতা ও অনিয়মের অভিযোগে ঘেরা এই নির্বাচনের পর ভোট গণনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই শুক্রবার (১৬ জানুয়ারি) ববি ওয়াইন নিজেই অভিযোগ করেন, নিরাপত্তা বাহিনী তাকে গৃহবন্দী করে রেখেছে। পরবর্তীতে তার দল জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেয়াল টপকে তার বাসভবনে প্রবেশ করে তাকে তুলে নিয়ে যায়।
তবে ববি ওয়াইনকে অপহরণের অভিযোগ সরাসরি নাকচ করেছে উগান্ডার সেনাবাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস ম্যাগেজি এএফপিকে বলেন, ‘ববি ওয়াইনের তথাকথিত গ্রেপ্তারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তার সমর্থকদের সহিংসতায় উসকানি দিতেই এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে।’
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার ভোরে ববি ওয়াইনের বাসভবনের আশপাশে পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় তার দলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির বিরুদ্ধে এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিরোধী নেতা ববি ওয়াইন। নির্বাচনী প্রচারণাকালে বিরোধী প্রার্থীদের ওপর ‘ব্যাপক দমন-পীড়ন, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতা’ চালানো হয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘও।
উগান্ডার রাজধানী কাম্পালা থেকে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, ইন্টারনেট বন্ধ থাকায় ওয়াইনের বর্তমান অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। এনইউপির এক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ‘সামরিক বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদের একটি দল ওয়াইনের বাড়ির ভেতরে প্রবেশ করেছিল—এটুকুই আমরা নিশ্চিতভাবে বলতে পারি।’
ভোটগ্রহণের পরপরই ববি ওয়াইন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, দেশজুড়ে ব্যালট বাক্সে জাল ভোট ভরার ঘটনা ঘটেছে। তিনি উগান্ডার জনগণকে ‘অপরাধী শাসনব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়ার’ আহ্বান জানান।
৮১ বছর বয়সী প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি প্রায় চার দশক ধরে উগান্ডার ক্ষমতায় রয়েছেন। নির্বাচনের আগে তিনি ৮০ শতাংশ ভোট পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৮১ শতাংশ ভোট গণনা শেষে মুসেভেনি পেয়েছেন ৭৩.৭ শতাংশ ভোট, আর ববি ওয়াইনের প্রাপ্ত ভোট ২২.৭ শতাংশ।



























