সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে দুইটি মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ২১১৯ বার পড়া হয়েছে
সাভারের পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে আবারও আগুনে পোড়া দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত ওই কমিউনিটি সেন্টারের টয়লেটের ভেতরে মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহতদের একজন নারী এবং অন্যজন শিশু হতে পারে। তবে আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রসাবের জন্য পরিত্যক্ত ভবনটিতে প্রবেশ করলে টয়লেটের ভেতরে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মরদেহগুলোর পরিচয় শনাক্তসহ মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে।
এর আগে একই কমিউনিটি সেন্টার থেকে একাধিক অজ্ঞাত মরদেহ উদ্ধার হলেও এখনো কোনো ঘটনার রহস্য উদঘাটিত হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।






















