নরসিংদীতে জেল থেকে পালানো শীর্ষ সন্ত্রাসী অপু কুপিয়ে নিহত
- আপডেট সময় : ০১:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরা উপজেলায় জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপু আহমেদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার মরজাল ইউনিয়নের একটি স মিলের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপু আহমেদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত অপু আহমেদ (৪৫) মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ অন্তত ৯টি মামলা রয়েছে।
জানা গেছে, গত ২৪ জুলাই আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বন্দি অবস্থায় কারাগার থেকে পালিয়ে যান অপু আহমেদ। এরপর থেকে তিনি পলাতক থাকলেও নিয়মিত এলাকায় যাতায়াত করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা স মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কয়েকজন স্থানীয় ব্যক্তি মুখমণ্ডল দেখে মরদেহটি অপু আহমেদের বলে শনাক্ত করেন।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিক তদন্তে নিহতের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা মামলাসহ আনুমানিক আট থেকে নয়টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






















