যুবলীগ নেতার বাড়িতে এনসিপি পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, গ্রেফতার ৩
- আপডেট সময় : ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২১০০ বার পড়া হয়েছে
খুলনার কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের বাড়িতে চাঁদা দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মেহেদি হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে তিনজন শফিকুল ইসলামের বাসায় ভাড়া নেওয়ার প্রস্তাব দিয়ে প্রবেশ করে। পরে তারা নিজেদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় এবং দাবি করে সেখানে একজন আওয়ামী লীগ নেতা আত্মগোপনে রয়েছেন। একপর্যায়ে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
শফিকুল ইসলামের মেয়ে শাহনাজ পারভীন দ্রুত পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। শাহনাজ পারভীন বাদী হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।
এদিকে এনসিপি অভিযোগ অস্বীকার করেছে। খুলনা জেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ জানান, গ্রেফতার তিনজন দলের কোনো সদস্য নয় এবং দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।






















