বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে সাতক্ষীরা জেলা।
- আপডেট সময় : ০৫:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২১৫২ বার পড়া হয়েছে
পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরি জেলা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নতুন থানা গঠন, স্বাস্থ্যের দুটি বিভাগ একত্রীকরণসহ মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়। এর মধ্যে সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করার সিদ্ধান্ত অন্যতম।
সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী শাসনামলে সাতক্ষীরার মানুষের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল। অথচ এই জেলায় সুন্দরবনের একটি বড় অংশ রয়েছে এবং সম্প্রতি ভোমরা স্থলবন্দর যুক্ত হওয়ায় জেলার অর্থনৈতিক গুরুত্ব আরও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় সাতক্ষীরাকে ‘এ’ ক্যাটাগরি জেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
নিকার সভায় আরও জানানো হয়, গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর থানা’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ থানা’ এবং কক্সবাজার জেলার মাতারবাড়িতে ‘মাতারবাড়ি থানা’ নামে নতুন থানা গঠন করা হবে। পাশাপাশি নরসিংদীর রায়পুরা উপজেলায় আরও একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও এর নাম এখনো চূড়ান্ত হয়নি।
এছাড়া সভায় ঠাকুরগাঁও জেলার ‘ভুল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও অনুমোদন করা হয়। সংশোধনের পর থানাটির নাম হবে ‘ভূল্লী থানা’।






















