বিপুল ভোটে বিজয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০১:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ২১০২ বার পড়া হয়েছে
১০ দলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জোটের পক্ষে ঢাকা-১১ আসনে সংসদ সদস্য প্রার্থী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু হয়।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের নির্বাচনী যাত্রার দুটি মূল বার্তা রয়েছে। প্রথমত, দেশবাসীর প্রতি আহ্বান—গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দিন এবং সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখুন। দ্বিতীয়ত, ওসমান হাদি ভাই হত্যার বিচার নিশ্চিত করা এই নির্বাচনে আমাদের অন্যতম প্রধান এজেন্ডা।”
তিনি আরও বলেন, “আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলাম। সারা দেশের মানুষের কাছে আহ্বান—১০ দলীয় জোটকে বিজয়ী করুন।”
১০ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের পাশে আছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের অগ্রযাত্রা এগিয়ে নিতে হলে ১০ দলীয় জোটের কোনো বিকল্প নেই।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘গণভোটে হ্যাঁ বলি, জিতবে এবার শাপলা কলি’ স্লোগান দেন।




























