চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বৈধ ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ! ব্যাপক প্রচারণায় প্রার্থীরা।
- আপডেট সময় : ০৪:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ২২৬৪ বার পড়া হয়েছে
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কেরামত আলী নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে শৃঙ্খলাপূর্ণ প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী মো. শাহজাহান মিঞা দলীয় ইশতেহারের পাশাপাশি যুব সমাজ ও এলাকার সার্বিক উন্নয়নে আসনভিত্তিক জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানের অঙ্গীকার করে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল হালিম সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রচারণার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে তার ইশতেহার তুলে ধরছেন। ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হুদা উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেন সরাসরি জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক প্রচারণা ও সরাসরি জনসংযোগকে গুরুত্ব দিচ্ছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রার্থী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, “শিবগঞ্জবাসী যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আচরণবিধি লঙ্ঘন বা আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি জানালে উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, শিবগঞ্জ একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্ট্রাইকিং ফোর্স ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (২১ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ছয়জন বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন। সকলেই নিজ নিজ দলের প্রতীক পেয়েছেন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন—
বিএনপির মো. শাহজাহান মিঞা (ধানের শীষ),
জামায়াতের মাওলানা কেরামত আলী (দাঁড়িপাল্লা),
জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন (লাঙ্গল),
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম (ছড়ি),
ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম (হাতপাখা)
এবং ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হুদা (মোমবাতি)।






















